Don't Miss
Home / আজকের সংবাদ / রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি

এমএনএ রিপোর্ট : আগামী ১৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোয়নপত্র দাখিল করতে হবে। যাচাই-বাছাই হবে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে, আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সংবিধান অনুযায়ী এতে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপিরা)।
আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। প্রধান নির্বাচন কমিশনার এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বর্তমান রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল।
রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে হলে একজন এমপির সমর্থন প্রয়োজন হয়। ভোটও দিয়ে থাকেন এমপিরাই। এতে প্রধান ভোটগ্রহণ কর্মকর্তার ভূমিকা পালন করেন স্বয়ং সিইসি। সে হিসেবে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হবে সিইসির দফতরে।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের তারিখ ছিল ২৯ এপ্রিল। সে বছর ৯ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা, ২২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করার শেষ সময়। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র বাছাইয়ের দিনই আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ২৪ এপ্রিল তিনি শপথ নেন।
আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। মো. আবদুল হামিদ প্রথম মেয়াদে দায়িত্ব পালন করছেন।
x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...