Don't Miss
Home / হোম স্লাইডার / শপথ নিলেন নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি

শপথ নিলেন নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি

এমএনএ রিপোর্ট : হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নিয়োগপ্রাপ্ত নতুন ৯ বিচারপতি। আজ সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সকাল সাড়ে ১০টার দিকে শপথগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা ১১টার দিকে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে গতকাল রবিবার (২০ অক্টোবর) হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি।

গতকাল রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের দিন হতে অনধিক দুইবছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন ৯ অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, পিআরএল ভোগরত জেলা ও দায়রা জজ শাহেদ নূরউদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এই নয়জনকে নিয়ে হাই কোর্ট বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। আর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন সাত জন।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...