এমএনএ রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রী শাস্তি মওকুফের আশ্বাস দেওয়ার পর কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ দিন ধরে শিক্ষানবিশ চিকিৎসকদের এ কর্মবিরতি চলে আসছে।
আজ সোমবার সকালে ধানমন্ডিতে এক বৈঠকের পরে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে উপস্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগও কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থেকে বগুড়া হাসপাতালে এক রোগীর ছেলে ও দুই মেয়ে গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষানবিশ চিকিৎসকদের মারধরের শিকার হলে ঘটনার সূত্রপাত।
এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ২ ফেব্রুয়ারি চার শিক্ষানবিশ চিকিৎসককে শাস্তির ঘোষণা আসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ওই চার শিক্ষানবিশ চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওই চার শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে ও কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতিতে যান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা।
এরমধ্যে উল্লেখযোগ্য ভাবে গত শনিবার বগুড়ার শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জের নর্থবেঙ্গল মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকরা।
ময়মনসিংহ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও গতকাল রবিবার কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি তারা মানববন্ধন করে সহকর্মীদের শাস্তির প্রতিবাদ জানায়।
এর ফলে ওই সব মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হয়, দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

