Don't Miss
Home / হোম স্লাইডার / সোমালিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৬

সোমালিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৬

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সোমালিয়ার দক্ষিণাঞ্চলে একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে কানাডিয়ান-সোমালি টেলিভিশন সাংবাদিক হোদান নালায়েহ রয়েছেন।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া ও তানজানিয়ার নাগরিকরাও আছেন বলে জানিয়েছেন জুব্বাল্যান্ড অঞ্চলের প্রেসিডেন্ট আহমেদ মোহামেদ।

গতকাল শুক্রবার বন্দর শহর কিসমায়ুর আসায়ে হোটেলে এ হামলায় পুলিশ প্রাথমিকভাবে ১৩ জন নিহতের খবর দিয়েছিল।

বিবিসি বলছে, বন্দুকধারীদের হামলার সময় হোটেলের ভেতর বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতা ও রাজনীতিবিদরা আসন্ন আঞ্চলিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন।

নিহতদের মধ্যে ওই প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রার্থীও আছেন বলে বিবৃতিতে জানিয়েছেন আহমেদ।

স্থানীয় গণমাধ্যমগুলো হামলায় নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী সোমালি-কানাডীয় টিভি সাংবাদিক হোদান নালায়েহ ও তার স্বামী, একজন সাবেক মন্ত্রী ও এক আইনপ্রণেতাও আছেন বলে জানিয়েছে।

সোমালিয়ায় নিহত সোমালি-কানাডীয় টিভি সাংবাদিক হোদান নালায়েহ

কর্মকর্তারা জানান, আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়; এর পরপরই বন্দুকধারীরা ঝড়ের বেগে হোটেলটির ভেতর ঢুকে পড়ে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।

পরে নিরাপত্তা বাহিনী রাতভর অভিযান চালিয়ে চার বন্দুকধারীকে হত্যা করে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

স্থানীয় নিরাপত্তাকর্মী আবদি ধুহুল জানান, হামলায় স্থানীয় এক সাবেক প্রশাসক ও এক আইনপ্রণেতা নিহত হয়েছেন। এছাড়া হোটেলের ভেতরে এখনও কোনো জঙ্গি সদস্য রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০১২ সালেই কিসমায়ো শহর ছেড়ে যায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এরপর থেকেই শান্তিতে বসবাস করছিল এ শহরের বাসিন্দারা। তবে হঠাৎই এ হামলা চালায় জঙ্গিরা।

দেশটিতে প্রায়ই হওয়া জঙ্গি হামলা নিয়ন্ত্রণ করতে কাজ করছে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা। সে সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত সোমালিয়ান সৈন্যরাও। তবে এরপরও দেশটির রাজধানী মোগাদিসুসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় শহরগুলোতে প্রায়ই হামলা চালিয়ে থাকে আল-শাবাবের সদস্যরা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...