Don't Miss
Home / হোম স্লাইডার / হঠাৎ করে বন্ধ হওয়া স্কাইপি আবার চালু

হঠাৎ করে বন্ধ হওয়া স্কাইপি আবার চালু

এমএনএ সাইটেক ডেস্ক : দেশে হঠাৎ করে বন্ধ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপি একদিন পর আবার চালু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি খুলে দেওয়ার পর স্মার্টফোন ও কম্পিউটার থেকে তা ব্যবহার করা যাচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এ সংক্রান্ত মেইল পাওয়ার পর স্কাইপি খুলে দেওয়া হয়।

এর আগে গতকাল সোমবার বিকেল থেকে স্কাইপি ব্যবহার করা যাচ্ছিল না। স্কাইপি’র মূল ওয়েবসাইটেও ঢোকা যাচ্ছিল না। এমনকি স্কাইপি অ্যাপটিও স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে ব্যবহার করা যায়নি।

বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে সোমবার বলেন, বিটিআরসি স্কাইপি বন্ধ রাখার মত কোন পদক্ষেপ নেয়নি, কোন নির্দেশও দেয়নি। নিছক কারিগরি ত্রুটির কারণে কোন কোন ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন বলেও অভিমত দেন তিনি। কেউ ব্যবহার করতে না পারলেই স্কাইপি বন্ধ করে দেওয়া হয়েছে এটা বলা সমীচীন নয়।

তবে ইন্টারনেট গেটওয়ে এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদান সংক্রান্ত একাধিক সূত্র জানায়, স্কাইপি’র লিংক বন্ধ রাখার জন্য তারা নির্দেশিত হয়েই লিংক বন্ধ রেখেছেন।

কিভাবে নির্দেশ পেয়েছেন জানতে চাইলে একটি সূত্র জানায়, তারা ই-মেইল বার্তায় নির্দেশ পেয়েছেন এবং নির্দেশ দিয়েছে বিটিআরসি। প্রথমে স্কাইপি’র ওয়েবসাইটের ডোমেইন লিংক স্কাইপি ডট কম বন্ধের নির্দেশ আসে। পরে স্কাইপি অ্যাপে লগ ইন সুবিধাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে কেন স্কাইপি বন্ধ রাখতে হবে সে ব্যাপারে কোন কিছুই নির্দেশনায় উল্লেখ করা হয়নি।

গতকাল সোমবার বিকেল পাঁচটার পর একাধিকবার চেষ্টা করেও স্কাইপিতে প্রবেশ করা সম্ভব হয়নি। এ ছাড়া স্মার্টফোন থেকে স্কাইপি অ্যাপ ব্যবহার করতে গেলেও লগ ইন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, বিএনপি’র মনোননয়ন প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান লন্ডন থেকে স্কাইপি ব্যবহার করে কথা বলছেন বলে খবর প্রকাশ হয়। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রার্থীদের সাক্ষাতকার নেওয়ার বিষয়ে আপত্তি তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভিডিও কলে কথা নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই, এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধিও প্রযোজ্য নয়। তার এ বক্তব্য প্রচারিত হওয়ার পর বিকেল পাঁচটা থেকে হঠাৎ করেই স্কাইপি বন্ধ পাওয়া যায়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...