এমএনএ রিপোর্ট : রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো সিঁড়ি অপসারণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি পুলিশ কমিশনার ও ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নির্দেশ দেয়া হয়েছে।
এর ফলে ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি অপসারণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের আবেদন (লিভ টু আপিল) খারিজ করেছেন আপিল বিভাগ।
গত ৩১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে হানিফ ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি অপসারণের নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড লিভ টু আপিল করে।
আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইওভার রয়েছে, মাঝপথে ফ্লাইওভারে ওঠার জন্য সিঁড়ি কোথাও নেই। সিড়ি অপসারণ করতেই হবে।
উল্লেখ্য, যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠার জন্য ৬ থেকে ৭টি সিঁড়ি ও বাসস্টপেজ আছে। এসব বাসস্টপেজে বাস ও লেগুনায় যাত্রী ওঠানামা করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এছাড়া বাসসহ যাত্রী পরিবহনকারী ছোট-বড় বিভিন্ন যান এসব স্টপেজে থামার কারণে প্রায়ই যানজট থাকে। অন্যান্য ফ্লাইওভারে সিঁড়ি ও বাসস্টপেজ নেই। এসব যুক্তি তুলে ধরে ফ্লাইওভারে বাসস্টপেজ ও সিঁড়ি অপসারণ চেয়ে রিট করা হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

