হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন ওবায়দুল কাদের
Posted by: News Desk
April 3, 2019
এমএনএ রিপোর্ট : সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শরীরের উন্নতির ধারা অব্যাহত থাকলে আগামী শুক্রবার অথবা শনিবার হাসপাতালে থেকে ছাড়পত্র পেতে পারেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, স্যারের (ওবায়দুল কাদেরের) শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। এরপর সব ঠিক থাকলে শুক্রবার অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যেতে পারে বলে আমাদের জানানো হয়েছে।
জানা গেছে, ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে চিকিৎসক ও তার আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। বাসায় রেখে তার আরো চিকিৎসা চলবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
এর মধ্যে একটি ব্লক স্ট্যান্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করেন। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।
পাচ্ছেন থেকে হাসপাতাল ওবায়দুল কাদের রিলিজ 2019-04-03