Don't Miss
Home / হোম স্লাইডার / ১/১১’র কুশীলবদের নিয়ে সরকার নিশ্চুপ : ফখরুল

১/১১’র কুশীলবদের নিয়ে সরকার নিশ্চুপ : ফখরুল

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচিত ১/১১’র কুশীলবদের নিয়ে নানা সময়ে কথা উঠলেও সরকার বরাবরই নিশ্চুপ রয়েছে। কারণ এই সরকার নিজেরাই দাবি করেছিল- তাদের আন্দোলনের ফসল ওয়ান-ইলেভেন সরকার।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

Mirza Fakrul Islam Alamgir

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করতেই ওয়ান-ইলেভেন সৃষ্টি করা হয়েছিল। সে প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার এবং জিয়া পরিবারকে ধ্বংস করতে অত্যাচার-নির্যাতন করা হয়।

তিনি বলেন, আলোচিত-সমালোচিত ১/১১ সরকারের মূল লক্ষ্য ছিল দেশকে বিরাজনীতিকরণ করা। সে জন্য তারা সব চেষ্টায় করেছে।

সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে ভয় কেন? কথায় কথায় কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়?’

তিনি বলেন, তারেক রহমান শুধু ব্যক্তি নন, তিনি প্রতীক। তাই তাকে রাজনীতি থেকে দূরে সরাতেই গ্রেফতার করে নির্যাতন চালানো হয়।

আলোচনায় সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্যারাসিটামল দিয়ে যেমন ক্যান্সার নির্মূল হয় না। তেমনি বর্তমান নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।

যারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, অবৈধ সরকার তাদের খলনায়ক (ভিলেন) বানাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

fakhrul-

এ সময় রিজভী যত বাধাই আসুক ১৯ মার্চ বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ছাত্রফোরাম ও উত্তরাঞ্চল ছাত্রফোরাম এই আলোচনা সভার আয়োজক।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, যে দলেরই আন্দোলনের ফসল হোক না কেন ওয়ান-ইলেভেন সরকার নীতিগতভাবে অবৈধ।

তিনি বলেন, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ওয়ান-ইলেভেন সরকারকে সমর্থন জানিয়েছিলেন। এ ব্যবস্থাকে কেউ কেউ তাদের আন্দোলনের ফসল বলেছিলেন। কিন্তু জাতীয় সংসদে এ সম্পর্কে একটি বাক্যও তারা উচ্চারণ করেননি।

‘ডেইলি স্টার’, ‘প্রথম আলো’ পত্রিকার সাংবাদিকের দিকে তাকিয়ে চোখ গরম করলে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...