Don't Miss
Home / হোম স্লাইডার / ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী

১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

এমএনএ রাজনীতি রিপোর্টঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হত্যার রাজনীতিই বিএনপির মূল প্রতিপাদ্য। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতার আসনে বসেছিলেন। ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য সেনাবাহিনীর হাজার হাজার জোয়ানকে হত্যা করেছেন। খালেদা জিয়া ও তার উত্তরাধিকারও একই পথ অনুসরণ করেছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।

শনিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকার আয়েশে ও খায়েশে শেখ হাসিনাকে একুশে আগস্ট হত্যা করার চেষ্টা করেছিলেন। এ থেকে বোঝা যায় যে, হত্যার রাজনীতিটাই হচ্ছে বিএনপির মূল প্রতিপাদ্য।

তথ্যমন্ত্রী বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও, তারেক রহমানের একার নয়। কানাডার আদালতও বিএনপিকে রায় দিয়েছে যে, এটি একটি সন্ত্রাসী দল। সুতরাং আন্তর্জাতিকভাবেও বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত।

তিনি বলেন, গতকাল ছিল একুশে আগস্ট, বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক একটি দিন। যেদিন বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে দিবালোকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা করা হয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।

খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, গ্রেনেড হামলার বিচার হয়েছে তবে এখনও কার্যকর হয়নি। এই মামলায় যদি খালেদা জিয়াকে হুকুমের আসামি করা না হয় তাহলে অনেকেই মনে করেন না—এই বিচার সঠিক হয়েছে এবং আমিও তাদের সাথে একমত। আমি গ্রেনেড হামলা মামলার একজন সাক্ষী। সুতরাং সাক্ষী হিসেবে বলব, এই বিচার পরিপূর্ণ করার জন্য খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদ এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...