২১ গুণীকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
Posted by: News Desk
February 20, 2018
এমএনএ রিপোর্ট : বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ গুণীকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে, স্বাধীনতার অর্জন যেন কোনোভাবেই নস্যাৎ না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ।
পাকিস্তানের প্রেতাত্মারা এখনও সক্রিয় বলেই দেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর বার বার আঘাত আসছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২১ ব্যক্তিকে এবার একুশে পদকে ভূষিত করা হয়েছে।
এবারে একুশে পদক বিজয়ী বিশিষ্টজনেরা হলেন—ভাষা আন্দোলনে ভাষাবিদ ড. মো. শহীদুল্লাহর ছেলে মরহুম ভাষাসৈনিক আ জ ম তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও শৈল্য চিকিৎসক অধ্যাপক ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম, সঙ্গীতে উপমহাদেশের দিকপাল সঙ্গীতজ্ঞ ওস্তাত আয়াত আলী খানের ছেলে শিল্পী ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, শুদ্ধ সঙ্গীত সাধক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, গীতিকার ও শিল্পী ইন্দ্র মোহন রাজবংশী, খ্যাতনামা সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম ও বিশিষ্ট সেতার বাদক ওস্তাদ মতিউল হক খান, নৃত্যে প্রথম শ্রেণির নৃত্যশিল্পী ও কোরিয়গ্রাফার মুক্তিযোদ্ধা বেগম মীনু হক (মীনু বিল্লাহ), অভিনয়ে বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরীদি (হুমায়ুন কামরুল ইসলাম) (মরণোত্তর), নাটকে নাট্যকার ও মুক্তিযুদ্ধের সংগঠক নিখিল সেন (নিখিল কুমার সেন গুপ্ত), চারুকলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, সাংবাদিকতায় প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক ও ভাষাসৈনিক রণেশ মৈত্র, গবেষণায় ভাষা সৈনিক মরহুমা অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, সমাজসেবায় নিসচা’র (নিরাপদ সড়ক চাই) কর্ণধার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী (মরণোত্তর)।
-

ভাষাসৈনিক আ জ ম তকীয়ুল্লাহ (মরণোত্তর) এর পক্ষে মেয়ে সাংবাদিক ও কলামিস্ট শান্তা মারিয়া, প্রয়াত হুমায়ুন ফরীদির পক্ষে মেয়ে সারারাত ইসলাম, মরহুমা অধ্যাপক জুলেখা হকের পক্ষে মেয়ে তৃষা হক, মরহুম খালেকদাদ চৌধুরীর পক্ষে ছেলে হায়দার জাহান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। সাংবাদিক রণেশ মৈত্র বিদেশে থাকায় তার পক্ষে ছেলে প্রলয় কুমার মৈত্র পদক গ্রহণ করেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম পদক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং পদকপ্রাপ্ত ব্যক্তিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, বিচারপতিবৃন্দ, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, রাজনীতিবিদ, কূটনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পদকপ্রাপ্ত প্রত্যেকে একটি সোনার মেডেল, একটি সাম্মাননাপত্র ও দুই লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিশিষ্ট নাগরিকদের একুশে পদকে ভূষিত করা হয়।
দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে একুশে পদক। মন্ত্রিপরিষদ বিভাগ গত বছরের ৮ আগস্ট সংশোধিত ‘জাতীয় পুরস্কার/পদক সংক্রান্ত নির্দেশাবলী’তে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থ বৃদ্ধি করে।
এর আগে একুশে পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্রের সঙ্গে এক লাখ টাকা দেওয়া হত। পরবর্তীতে অর্থ বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি এবারের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী পদক দিলেন তুলে একুশে ২১ গুণীকে 2018-02-20