এমএনএ রিপোর্ট : নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ৫০টি ইউনিয়ন পরিষদের ভোট বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার প্রথম পর্বের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি সাংবাদিকদের বলেন, ৭১২ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে কারচুপি, দখল, জালভোট হয়েছে। ইসির নিরপেক্ষতা প্রমাণের জন্য সুনির্দিষ্ট অভিযোগে অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের জন্য আমরা সিইসিকে বলেছি। আশা করছি, তারা ভোট বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করবে।
নোমান বলেন, মানুষকে আমরা দেখাতে চাই, তামাশার নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে। এ জন্যে আমরা ভোটে অংশ নেব। এ তামাশা জনগণকে দেখাতে চাই।
এ সময় সবগুলো ইউপিতেই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও দাবি করেন নোমান।
এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সার্বিক পরিস্থিতিতে ইসি সন্তোষ প্রকাশ করে।

তবে নোমান দাবি করেন, ‘সাত হাজার ভোট কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এটা নিছক তামাশা।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। কারণ মানুষকে আমরা দেখাতে চাই- তামাশার নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে।’
বিএনপির এই নেতা আশংকা প্রকাশ করে বলেন, পুলিশের ‘সহযোগিতা’ নিয়ে সরকারদলীয় সমর্থকরা ফল নিজেদের অনুকূলে নিয়ে যেতে পারে।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের সঙ্গে এ সময় দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
