করোনায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
Posted by: News Desk
March 19, 2020
এমএনএ রিপোর্ট : প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। আজ বৃহস্পতিবার সকাল থেকেই এ বিধিনিষেধ শুরু হয়েছে, প্রবেশের কোনো পাস ইস্যু করা হচ্ছে না। ফলে এখন থেকে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারছে না। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা কার্ড এবং তথ্য মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জন্য ইস্যু করা কার্ড ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা গেছে, যাদের আগে থেকে মন্ত্রণালয়ের মিটিংয়ে যোগ দেয়ার কথা ছিল, শুধু তাদেরই প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে তার পর ঢুকতে দেয়া হচ্ছে।
বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজিব দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘করোনা ভাইরাস ইস্যুতে দর্শনার্থী প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড ছাড়া অন্য কাউকে আমরা ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছি না। খুব বেশি প্রয়োজন না হলে সাংবাদিকরাও যাতে সচিবালয়ে না আসেন এ বিষযটি তাদের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ে মিটিংয়ে আগত ব্যক্তি এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
সচিবালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব এবং সিনিয়র সচিবরা প্রতিদিন পাঁচটি করে পাস ইস্যু করতে পারেন। মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরা পাস ইস্যু করতে পারেন।
সচিবালয়ে এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়। বেলা ১১টার দিকে দর্শনার্থী কক্ষে গিয়ে দেখা গেছে, সেখানে প্রচুর দর্শনার্থীদের ভিড়। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থা নিয়েছেন।
সম্প্রতি সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছিলো। আজ বৃহস্পতিবার সকাল থেকে সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদেরও তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। কারও তাপমাত্রা ১০০ ডিগ্রির বেশি হলে তাকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।
ইতোমধ্যেই সচিবালয়ে দর্শনার্থী কক্ষে সাঁটানো নোটিশে লেখা রয়েছে ‘কোভিড-১৯ করোনা ভাইরাস এর জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সচিবালয়ের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থী পাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু করার করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সংখ্যা কমেও গিয়েছিল।
সচিবালয় ঘুরে দেখা গেছে, সচিবালয়ে কর্মরত মন্ত্রী, সচিব থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন। অফিসে এসেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবণুমুক্ত করছেন।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৮৭ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯০৩৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ২০ মানুষ। বাংলাদেশে করোনায় একজন মারা গেছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে অন্তত ১৭ জন।
করোনায় দর্শনার্থী নিষেধাজ্ঞা প্রবেশে সচিবালয়ে 2020-03-19