এমএনএ অর্থনীতি রিপোর্ট : ১৯৯২ সালে চীনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রান্তিক হিসাব শুরুর পর থেকে ইতিহাসে প্রথমবার দেশটিতে এর হার কমেছে। করোনা ভাইরাস মহামারির প্রকোপে এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনের জিডিপি কমে গেছে অন্তত ৬ দশমিক ৮ শতাংশ।
গত বছরের শেষদিন চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনা ভাইরাস। এর পরপরই দেশটিতে বন্ধ করে দেয়া হয় ব্যবসা-বাণিজ্য, কল-কারখানা, যান চলাচল। তিন মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি চীনারা। ফলে রীতিমতো ধস নেমেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে।
গতকাল শুক্রবার চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) প্রকাশিত তথ্যে দেখা যায়, বছরের প্রথমভাগে বিশেষজ্ঞদের অনুমানের চেয়েও বড় ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। সম্প্রতি রয়টার্সের এক জরিপে এই প্রান্তিকে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকেরা। ব্লুমবার্গ জানিয়েছিল, দেশটিতে জিডিপি হ্রাসের হার হতে পারে ৬ শতাংশ।
এনবিএসের তথ্যে দেখা যায়, ২০২০ সালের প্রথম দুই মাসে বিশাল ধসের পর মার্চেও প্রচণ্ড চাপে ছিল চীনের অর্থনীতি। খনি খনন, শিল্প উৎপাদন, পণ্য প্রস্তুতকরণ প্রভৃতির হার জানুয়ারি-ফেব্রুয়ারিতে কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। আর মার্চে কমেছিল অন্তত ১১ দশমিক ১ শতাংশ।
করোনা সংক্রমণের কারণে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশটিতে প্রথম প্রান্তিকে খুচরা বিক্রি কমে গেছে ১৫ দশমিক ৮ শতাংশ। সেখানে প্রথম দুই মাসেই এটি হ্রাসের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

