Don't Miss
Home / অর্থনীতি / নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানী-ব্যয় পুনর্নির্ধারণ, বাড়ল কয়েকটি খাতের ভাতা

নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানী-ব্যয় পুনর্নির্ধারণ, বাড়ল কয়েকটি খাতের ভাতা

নিজস্ব প্রতিবেদক

সরকার মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। পরিপত্র জারির দিন থেকেই নতুন হার কার্যকর হয়েছে এবং এ বিষয়ে ২০২৫ সালের ২০ অক্টোবরের পূর্ববর্তী পরিপত্র বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন, বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্য এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের সম্মানী আগের মতোই জনপ্রতি ৬ হাজার টাকা বহাল রাখা হয়েছে। উত্তরপত্র মূল্যায়নে পূর্ণ খাতাপ্রতি ১৩০ টাকা এবং অবজেকটিভ উত্তরপত্রে ৩৫ টাকা অপরিবর্তিত থাকলেও নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য খাতাপ্রতি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা পরিচালনায় নিয়োজিত কর্মচারীদের সম্মানী বৃদ্ধি করা হয়েছে। ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীরা প্রতিদিন ১,৮০০ টাকা (আগে ১,২০০), ১০ম-১৬তম গ্রেডের কর্মচারীরা ১,২০০ টাকা (আগে ১,০০০) এবং ১৭তম-২০তম গ্রেডের কর্মচারীরা ১,০০০ টাকা (আগে ৮০০) পাবেন।

লিখিত পরীক্ষার ভেন্যুর সমন্বয়কারী ৩,৫০০ টাকা এবং কেন্দ্র পরিদর্শক ১,৮০০ টাকা সম্মানী পাবেন, যা অপরিবর্তিত রয়েছে। পরীক্ষার্থীর আসনবিন্যাস বাবদ ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুতে ১২ টাকা এবং প্রশ্নপত্র প্রস্তুত ও মুদ্রণসহ অন্যান্য ব্যয়ে পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ওএমআর টপশিট মুদ্রণ বা ক্রয়ে ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিংয়ে ৫ টাকা এবং প্রচলিত কোডিং-ডিকোডিংয়ে ৪ টাকা নতুনভাবে সংযোজন করা হয়েছে। বিবিধ আনুষঙ্গিক ব্যয়ের সর্বোচ্চ সীমা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সব ব্যয় নির্ধারিত বাজেট থেকেই নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। একই দিনে একাধিক পদের পরীক্ষা বা একাধিক সভা হলেও নির্ধারিত সীমার বেশি সম্মানী দেওয়া যাবে না। স্কুল-কলেজকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করলে কোনো ভেন্যু ফি দেওয়া যাবে না। সব ব্যয়ে সরকারি আর্থিক বিধি, কর কর্তন, ক্রয়বিধি ও নিরীক্ষা নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণ বাধ্যতামূলক। নতুন নির্দেশনা পূর্ববর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে না।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...