এমএনএ জাতীয় ডেস্কঃ আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশ ও মানুষকে নিয়ে ভাবতে হবে। পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে পুলিশের নারী সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশপ্রধান এ নির্দেশ দেন। এতে ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তারা অনলাইনে অংশ নেন। এ সময় নারীর অধিকারকে সমুন্নত রাখতে সমাজে জেন্ডার মেইনস্ট্রিমিং বাস্তবায়নে অবদান রাখতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিপিডব্লিউএন কার্যনির্বাহী কমিটির উদ্দেশে আইজিপি বলেন, পুলিশে কর্মরত নারীদের জন্য বন্ধুসুলভ ও নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে হবে। এ সময় বিপিডব্লিউএনের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগমসহ অন্য কর্মকর্তারা পুলিশপ্রধানের কাছে পেশাগত নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
আইজিপি বলেন, পুলিশের পুরুষ সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছেন, তা আরও শক্তিশালী করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় কাজের জন্য প্রস্তুত থাকতে হবে নারী কর্মকর্তাদের। রাজধানীর বাইরে ও প্রত্যন্ত এলাকায় নারী কর্মকর্তাদের পাশে পেলে সংশ্নিষ্ট এলাকার নারী পুলিশ সদস্য ও এলাকার সাধারণ নারীরা পুলিশের ওপর অধিক আস্থা রাখতে পারবেন। সাইবার বুলিংয়ের শিকার নারী ও শিশুদের পাশে থেকে তাদের উপযুক্ত পুলিশিং ও আইনি সাপোর্ট দিতে নির্দেশ দেন আইজিপি।
নারী পুলিশ সদস্যদের শান্তিরক্ষা মিশনে গৌরবময় অর্জন রয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রেখে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

