Don't Miss
Home / আন্তর্জাতিক / চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ৪ দেশের সামরিক মহড়া বঙ্গোপসাগরে
বঙ্গোপসাগরে

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ৪ দেশের সামরিক মহড়া বঙ্গোপসাগরে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব মোকাবিলায় বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। মালাবার ২০২০ নামের এই যৌথ মহড়ায় অংশ নেবে দেশ চারটির নৌবাহিনী। এ মাসে দুই ধাপে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার শুরু হচ্ছে প্রথম ধাপ। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইন্দো-প্রশান্ত অঞ্চলে মালাবার মহড়া এবারই প্রথম নয়। এই বছর ২৪তম সংস্করণ অনুষ্ঠিত হলেও কয়েকটি কারণে এবারের মহড়া তাৎপর্যপূর্ণ। লাদাখ সীমান্তে চীন-ভারতের উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৩ বছর পর এতে আবারও যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। স্পষ্টত চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করাই তাদের উদ্দেশ্য।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই ধাপে অনুষ্ঠিতব্য মালাবার নৌমহড়ার প্রথম ধাপ বিশাখাপত্তম উপকূলে ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এই মহড়ায় যোগ দেবে মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ ইউএসএস জন এস ম্যাককেইন, অস্ট্রেলিয়ার এইচএমএএস বালারাতসহ এমএইচ-৬০ হেলিকপ্টার এবং জাপানের জেএমএসডিএফ’র ওনামি (ডেস্ট্রয়ার)।

মহড়ায় ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব দেবেন রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন। পূর্বাঞ্চলীয় বহরের নেতৃত্ব দেওয়া এই কর্মকর্তার অধীনে থাকবে ডেস্ট্রয়ার রণবিজয়, ফ্রিগেট শিবালিক, টহল জাহাজ সুকন্যা এবং সাবমেরিন সিন্ধুরাজ। এছাড়া ভারতের অত্যাধুনিক ড্রোন ও হেলিকপ্টারও এই মহড়ায় যুক্ত থাকবে।

প্রথম ধাপের মহড়া শেষে মধ্য নভেম্বরে আরব সাগরে পরিচালিত হবে মালাবার ২০২০ নৌমহড়ার দ্বিতীয় ধাপ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...