এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আগামী অর্থবছরকে স্টার্টআপ বান্ধব রাজস্ব নীতি প্রণয়নের বছর হিসেবে স্মরণীয় করে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশের সফল স্টার্টআপগুলো জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকা শক্তি হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি হাইটেক পার্কে স্টার্টআপদের জন্য বিনামূল্যে মেন্টরিং ও কোচিং এরজন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। সেখানে বিনামূল্যে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে স্পেস দেওয়া হচ্ছে। বাংলাদেশ স্টাটআপ কোম্পানি লিমিটেড ও আইডিয়া প্রকল্পের মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে তাদের ফান্ডিং প্রদান করা হচ্ছে।
এসকল নীতিগত সহায়তার মাধ্যমে দেশে ইনোভেটিভ ইকোসিস্টেম তৈরি হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে জ্ঞানভিত্তিক আমলাতন্ত্র, রাজনীতি ও সমাজ গড়ে তুলতে হবে।
বাঙালি তরুণরা জন্মগতভাবে সাহসী ও উদ্ভাবক মন্তব্য তিনি বলেন, আমাদের দেশের মানুষ প্রকৃতির বৈরী আবহাওয়ার সঙ্গে মোকাবিলা করেই চলে এবং নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে জীবন যাপন করছে। যথাযথ নেতৃত্বে পেলে, যে কোনো বাধা অতিক্রম করে তরুণরা এগিয়ে যেতে পারবে।
এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। এছাড়া কর্মশালায় আইসিটি বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
