Don't Miss
Home / হোম স্লাইডার / চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
এসএসসি

চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১৫ সেপ্টেম্বর তাত্ত্বিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১ অক্টোবর। ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

রোববার (৩১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

এবার মাত্র ১৬ দিনেই এসএসসির তাত্ত্বিক পরীক্ষা শেষ করা হবে। দুর্গাপূজা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষার তাত্ত্বিক অংশ শেষ করা হবে। দুর্গাপূজার আগে দ্রুত পরীক্ষার দাবি জানিয়েছিলেন সনাতন ধর্মের শিক্ষার্থীরা।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আগামী ২ অক্টোবর শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে। আমরা এর আগেই তাত্ত্বিক পরীক্ষা শেষ করব।’

এর আগে ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশ নেবেন। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী আছেন। এর বাইরে মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবেন।

এ বছর এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...