Don't Miss
Home / হোম স্লাইডার / এই মুহূর্তে আইএমএফের ঋণের বিকল্প নেইঃ ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এই মুহূর্তে আইএমএফের ঋণের বিকল্প নেইঃ ওবায়দুল কাদের

এমএনএ অর্থনীতি ডেস্কঃ দেশের আরও ক্ষতি হতে পারে, আইএমএফের এমন শর্ত মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।’

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল আইএমএফের কাছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের বার্ষিক সভায় ঋণ পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার এক ফাঁকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বাধীন দল আইএমএফের সঙ্গে এক দফা আলোচনা করলেও চূড়ান্ত কিছু হয়নি।

ঋণ পেতে হলে বাংলাদেশকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানানো হয়েছিল। ঋণের বিষয় নিয়ে আলোচনা করতে গতকাল ঢাকায় আসে আইএমএফের একটি দল।

আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে প্রতিনিধি দলটি।

দুই সপ্তাহ ধরে আইএমএফের প্রতিনিধি দল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। তাদের ঋণের বিষয়ে সরকার কী ভাবছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইএমএফর ঋণ আমরা গ্রহণ করব, তবে কঠিন শর্ত মেনে নেব না।’

সেতুমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।

আইএমএফের কঠির শর্ত কী জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি একজন সাধারণ মানুষ, আপনি বুঝেন যে শর্তটা কী? আইএমএফের অতীতের ব্যাপারেও আমরা জানি। আইএমএফের শর্তগুলো কী হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরও ক্ষতি হতে পারে, এমন শর্ত আমরা মানবো না।’

দেশ থেকে যেসব টাকা পাচার হয়েছে সেগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার এটা খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে কতটা সত্য বাস্তবে এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...