এমএনএ বিনোদন ডেস্কঃ নুসরাত ফারিয়া, ঢালিউডের তারকা অভিনেত্রী। দেশের গণ্ডি পেড়িয়ে তিনি নিয়মিত কাজ করছেন ওপার বাংলাতেও। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা এই নায়িকা।
তারকাদের জীবনে প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ থাকে ভক্তদের। অনেকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও ফারিয়া সেই দিক দিয়ে খুবই খোলামেলা। তিনি বরাবরই সম্পর্কের কথা স্বীকার করে এসেছেন। সত্যিটাই জানিয়েছেন ভক্তদের।
সম্প্রতি এই নায়িকার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেছে। প্রেমিকের সঙ্গে বাগদানের খবর দেওয়ার কয়েক মাস পরই জানান, তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।
বাগদান ভেঙে যাওয়ায় বর্তমানে সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন ফারিয়া। নতুন কোনো সম্পর্কেও জড়াননি তিনি। এ বিষয়ে একটি গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক সেটাও নয়। আমিও তো মানুষ। অবশ্যই প্রেমে পড়তে চাই।’
অভিনেত্রী মনে করেন, সফল মেয়েদের সঙ্গে প্রেম করতে ছেলেরা ভয় পায়। সেটা নুসরাত ফারিয়া হলে আরও বেশি। অভিনেত্রী বলেন, ‘বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এ যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স চলে যাবে। এমনিতেই সফল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তা হলে তো ঝামেলাই।’
এদিকে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না…।’
এমন বক্তব্যের পর তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন ভক্তরাও। কেউ কেউ নুসরাত ফারিয়ার প্রেমিকও হতে চাইছেন এবং তাদের আগ্রহ প্রকাশ করছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

