এমএনএ জাতীয় ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের করণীয় নির্ধারণ করতে আজ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বসবে বাংলাদেশ আওয়ামী লীগ। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি-জামায়াতের চলমান আন্দোলন ও বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক তৎপরতার মধ্যেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনী গাইডলাইন দেবেন তিনি। দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্যমতে, আগামী ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেপ্টেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ্ত হচ্ছে দেশের রাজনীতি।
বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলনে ব্যস্ত বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের মাধ্যমে চাঙ্গা দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। বাংলাদেশের সুষ্ঠু ভোটে চোখ বন্ধুপ্রতিম দেশগুলোর। বৃদ্ধি করা হয়েছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন ভিসানীতি দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করছে। ফলে নির্বাচনের সময় কমিয়ে আশায় অনেকটাই চাপের মুখে পড়তে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। এমন অবস্থায় বিএনপিসহ বিরোধী শিবিরের আন্দোলন মাঠের রাজনীতিতে দলটির দলীয় নেতাকর্মীদের করণীয় নির্ধারণ করতে দলের কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিবস ভিত্তিক কর্মসূচি পালনের পাশাপাশি এই মুহূর্তে দলীয় নেতাদের কার্যক্রম নির্ধারণ করতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আ.লীগ সূত্রে জানা যায়, প্রতি তিন মাস পর পর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। ওই সভা থেকে দলের সাংগঠনিক কার্যক্রমসহ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়। তবে এবার জাতীয় সংসদ নির্বাচন বাকি নেই খুব বেশি সময়। অল্পকিছু দিনের মধ্যেই ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। এমন অবস্থায় আজকের সভা শেষ বলে মনে করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। ফলে আজকের দলের কার্যনির্বাহী সংসদের সভায় খোলামেলা নির্দেশনা দিতে পারেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ, তৃণমূলে সৃষ্ট দ্ব›দ্ব নিরসনের মধ্যদিয়ে দলীয় ঐক্যসৃষ্টি এবং মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের করণীয় নির্ধারণসহ নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ করেন দেবেন আওয়ামী লীগপ্রধান।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মানবকণ্ঠকে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় নানা বিষয় নিয়ে কথাবার্তা হবে। সংগঠন নিয়ে কথা হবে, নির্বাচন নিয়ে কথা হবে, বিরোধীদের মাঠের আন্দোলন সংগ্রাম নিয়ে কথা হবে এবং দিবস ভিত্তিক কর্মসূচি গ্রহণ ও পালন নিয়ে কথা হবে। যেহেতু সংসদ নির্বাচনের খুব বেশি সময় নেই। ফলে এবারের সভাকে ব্যাপক গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে আমরা চাই আওয়ামী লীগ ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হোক। কাজেই কাকে মনোনয়ন দেয়া হবে, কাকে মনোনয়ন দেয়া হবে না? সেগুলো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে- সবাই যেন ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করেন। সে রকম নির্দেশনা কার্যনির্বাহী সংসদের সভা থেকে আসবে বলে মনে করা হচ্ছে।
টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের তৃণমূলে দ্ব›দ্ব ও কোন্দলে বিভক্ত। অধিকাংশ এমপি-মন্ত্রীদের সঙ্গে সু-সম্পর্ক নেই তৃণমূলের। ক্ষমতার অপব্যবহার, কর্মীদের সঠিক মূল্যায়ন না করা, ত্যাগীদের বাদ দিয়ে পারিবারিক কেন্দ্রিক রাজনীতির বলয় সৃষ্টি করা, জেলা-উপজেলার কমিটিতে নিজ অনুসারীদের পদায়ন করাসহ নানা অভিযোগ বর্তমান এমপিদের বিরুদ্ধে। বিতর্কিত এসব এমপিদের মনোনয়নে নাখোশ তৃণমূল আওয়ামী লীগ।
দলের সর্বশেষ বিশেষ বর্ধিত সভায় বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তৃণমূলের নেতারা। তবে নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে এসব দ্বন্দ্ব ও কোন্দল কিভাবে সমাধান করা যায়, মাঠের রাজনীতিতে তৃণমূলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা যায়। সে সকল বিষয়ে আজকের সভায় বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতাদের নির্দেশনা দিতে পারেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সংসদ নির্বাচনের আগে সরকারের উন্নয়ন, ক্ষমতায় আশার পর দেশ ও দেশের মানুষের জন্য আওয়ামী লীগ কি কি করছে এবং আগামীতে ফের ক্ষমতায় আসলে কি কি করা হবে। তা ব্যাপকভাবে প্রচার-প্রচারের জন্য নির্দেশনা দেয়া হতে পারে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ মানবকণ্ঠকে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। অল্পকিছু দিনের মধ্যেই হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হলেই আর দলের কার্যনির্বাহী সংসদের সভা করার সুযোগ নেই। সবাইকে নির্বাচনী কাজে মনোযোগী হতে হবে। ফলে এবারের কার্যনির্বাহী সংসদের সভা অনেক গুরুত্বপূর্ণ। নির্ধারিত এজেন্ডার বাহিরেও এখানে নির্বাচনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

