Don't Miss
Home / ফিচার / ইউনেস্কো নির্বাহী পর্ষদের নির্বাচনে বড় জয় পেল বাংলাদেশ
ইউনেস্কো

ইউনেস্কো নির্বাহী পর্ষদের নির্বাচনে বড় জয় পেল বাংলাদেশ

এমএনএ ফিচার ডেস্কঃ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এর নির্বাহী পর্ষদের নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। বাংলাদেশ ১৮১ ভোটের মধ্যে ১৪৪ ভোট পেয়ে ইউনেস্কোর নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হয়।

প্যারিসের বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানও বিজয়ী হয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশ দুই বছরের বিরতিতে আগামী ২০২৩-২৭ মেয়াদে পর্ষদে অন্তর্ভুক্ত হলো।

ইতোপূর্বে বাংলাদেশ ২০২২ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় কমিটি এবং ২০২৩ সালে আন্তঃ রাষ্ট্রীয় সমুদ্র কমিশনের নির্বাচনে জয়লাভ করে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সাধারণ সভায় অংশগ্রহণ করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জয় বিগত দেড় দশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক অগ্রযাত্রার ফল। বিজয়ী বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকল সদস্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করবে।’

বাংলাদেশকে সমর্থনের জন্য ইউনেস্কো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কূটনীতির প্রশংসা করেন।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত সোমবার বাংলাদেশ তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনেস্কোতে কূটনৈতিক সন্ধ্যার আয়োজন করে যেখানে টেকসই উন্নয়ন অভীষ্টের মূল পাঁচটি ভিত্তির আলোকে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নৈতিক কূটনীতির আরও একটি সাফল্য হিসেবে এ জয়কে দেখছেন ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগদানকৃত প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইউনেস্কোতে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গভীরভাবে সংযুক্ত রয়েছে বাংলাদেশ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...