এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে বিজয় র্যালি করবে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত বিজয় র্যালি করা হবে এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র্যালি করা হবে।
এ সময় যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
