Don't Miss
Home / আইন আদালত / অধস্তন আদালতে ছুটির সূচিতে পরিবর্তন, ডিসেম্বরের বদলে জুনে ১৫ দিনের অবকাশ

অধস্তন আদালতে ছুটির সূচিতে পরিবর্তন, ডিসেম্বরের বদলে জুনে ১৫ দিনের অবকাশ

এমএনএ প্রতিবেদক

এখন থেকে অধস্তন আদালতে পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি আর থাকছে না। এর পরিবর্তে ডিসেম্বর ও জুন—এই দুই মাসে ১৫ দিন করে মোট এক মাস ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা। অর্থাৎ, টানা এক মাসের ছুটির পরিবর্তে দুই দফায় ছুটি কার্যকর হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন ছুটির সূচি কার্যকর হবে।

এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত ছিলেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...