Don't Miss
Home / রাজনীতি / গুলশানে ভোট দিলেন তারেক রহমান, জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত

এমএনএ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল এবং আজ তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

তারেক রহমান বলেন, “গতরাতে সারাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি, যা কাম্য নয়। তবে দেশের মানুষ যদি ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে, শেষ ফল না দেখে কিছু বলা ঠিক নয়। তবে তিনি “দৃঢ়ভাবে আশাবাদী” বলেও মন্তব্য করেন। বিজয়ী হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটই হচ্ছে জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম।” শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান।

সারা দেশের পরিস্থিতি সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাননি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন স্থান থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...