Don't Miss
Home / রাজনীতি / ঐতিহ্য ভেঙে দক্ষিণ প্লাজায় শপথ মঙ্গলবার, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ঐতিহ্য ভেঙে দক্ষিণ প্লাজায় শপথ মঙ্গলবার, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমএনএ প্রতিবেদক

দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবন-এর দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সেখানে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে নতুন প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার।

যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা-রও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।

আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিশেষত্ব থাকছে এবারের আয়োজনে

এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষ সংযোজন থাকছে। জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও পৃথক একটি শপথ গ্রহণ করবেন।

ঐতিহাসিক এ আয়োজনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...