Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতি / পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী আমীর খসরু

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী আমীর খসরু

এমএনএ প্রতিবেদক

নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলতে দেওয়া হবে না; বরং অর্থনীতিতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা অত্যন্ত নাজুক। তাই সবার আগে এসব প্রতিষ্ঠানের পুনরুদ্ধারে কার্যকর পরিকল্পনা নির্ধারণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় কোনো কর্মসূচি গ্রহণ করলেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য উন্মুক্ত। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে, যাতে প্রতিটি নাগরিক অর্থনীতিতে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে।

অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। তার ভাষায়, দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের ফলে অর্থনীতি ‘ওভার-রেগুলেটেড’ হয়ে পড়েছে, যা অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতানির্ভর রাজনীতির ফল। তাই কার্যকরভাবে ডিরেগুলেশন ও লিবারালাইজেশনের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

x

Check Also

পরীক্ষা, মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ঈদের পর শিক্ষা রোডম্যাপ

এমএনএ প্রতিবেদক দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে নতুন সরকার। পরীক্ষা ও মূল্যায়ন ...