Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান মোহন রায়হান

প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান মোহন রায়হান

এমএনএ প্রতিবেদক

জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। মোহন রায়হান চান, নিয়ম অনুযায়ী পুরস্কারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে নেওয়া হোক।

রোববার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান এ তথ্য জানান।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মোট ১০ জন মনোনীত ছিলেন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অন্যদের পুরস্কার প্রদান করা হলেও মোহন রায়হানের ক্ষেত্রে পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন জানিয়েছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হবে।

কয়েকদিনের বিতর্কের পর শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হবে এবং আগামী ২ মার্চ তাকে এটি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেন, “পুরস্কার প্রদানের আগের দিন পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। কিন্তু ৪১ বছর আগের একটি কবিতাকে অজুহাত দেখিয়ে আমার পুরস্কার স্থগিত করা হয়েছিল। এটি ব্যক্তিগত অপমানের পাশাপাশি মুক্তচিন্তার প্রতি অবমাননা।”

তিনি আরও বলেন, “জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ মত পুরস্কার গ্রহণের পক্ষে। যুক্তি ছিল, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী করা। ব্যক্তিগত অপমানের প্রতিবাদে বর্জন নৈতিক অবস্থান হতে পারলেও, সামান্য স্বীকৃতি ও সম্মানই আমার উদ্দেশ্য।”

মোহন রায়হান প্রস্তাব করেছেন, পুরস্কারের অর্থ কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে ব্যবহৃত হোক। এছাড়া তিনি স্বচ্ছ, দলনিরপেক্ষ ও বিশেষজ্ঞনির্ভর প্রক্রিয়ায় ভবিষ্যতে পুরস্কার প্রদানের সংস্কারের আহ্বান জানিয়েছেন।

x

Check Also

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি প্রশমনে আলোচনায় বসতে আগ্রহী ইরান

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধ পরিস্থিতি প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে ...