Don't Miss
Home / অর্থনীতি / মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ২৬৮টি ফ্লাইট বাতিল, ধীরে ধীরে কিছু রুটে চলাচল শুরু

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ২৬৮টি ফ্লাইট বাতিল, ধীরে ধীরে কিছু রুটে চলাচল শুরু

বিশেষ প্রতিবেদন

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের কারণে বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে ঢাকাসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে কিছু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওমানের মাসকাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

দিনভিত্তিক হিসাবে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ৪১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। পাশাপাশি ধাপে ধাপে সংযুক্ত আরব আমিরাতের কিছু রুটেও ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...