আন্তর্জাতিক ডেস্ক
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন হামলায় আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি সূত্র। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হওয়ার খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানান, আল্লাহর রহমতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টামইম-এর এক প্রতিবেদনে ইরানি ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, হামলার সময় তিনি পায়ে গুরুতর আঘাত পান।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত রোববার ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ইরানের ক্ষমতায় থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এ কারণে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সরকারি সূত্র বলছে, তিনি বর্তমানে নিরাপদ আছেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের নতুন সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

