Don't Miss
Home / আইন আদালত / গুলশান বাড়ি দখলের ঘটনায় বদলি হল এসি মাসুদ

গুলশান বাড়ি দখলের ঘটনায় বদলি হল এসি মাসুদ

এমএনএ প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকায় ঈদের ছুটিতে একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে সোমবার (২৩ মার্চ) তার বদলির তথ্য জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাঙচুর, লুটপাট ও দখলের শিকার হয়। বাড়ি তখন ফাঁকা থাকলেও ঘটনাটি পুলিশের উপস্থিতিতে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, পুলিশ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে উল্টো তাদেরকে হয়রানির মুখে ফেলে।

বাড়ির মালিক অভিযোগ করেছেন, সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদ, এসআই মাহফুজুল হক, এসআই মো. সামিউল ইসলামসহ কয়েকজন পুলিশের উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় এই দখল ঘটেছে। ঘটনা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির মানবসম্পদ বিভাগে (এইচআরডি) সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে বদলি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো নিশ্চিত নয়।

ডিএমপি সূত্র জানায়, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...