Don't Miss
Home / রাজনীতি / নেতৃত্ব হারালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপি মহাসচিব

নেতৃত্ব হারালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপি মহাসচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি চাই বিএনপি নেতারা ঠিক পথে চলুক। তাদের পেছনে আমি রাডার ফিট করেছি, যা সব জায়গায় ঘুরছে। কে কী করছে, সব জেনে যাব। কাউকে ক্ষমা করা হবে না। নেতৃত্ব হারালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদীর খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দিনাজপুরের কাহারোলে খাল খননের কাজ দেখেন। তিনি বলেন, খাল কাটা কাজটি তার বাবা ১৯৭৬ সালে শুরু করেছিলেন। খাল না থাকায় এলাকার পানির সমস্যা দেখা দেয়।

মির্জা ফখরুল আরও বলেন, আবহাওয়ার কারণে গম, ভুট্টা ও আলুর ক্ষতি হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান কৃষকদের জন্য ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। তারেক রহমানও কৃষকদের সাহায্য করছেন, ১০ হাজার টাকা ঋণ মওকুফ এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন।

তিনি জানান, দেশে ২০ হাজার খাল খনন করা হবে। যারা কাজ করছেন, তাদের সততা বজায় রাখতে হবে। জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধর্মকে বিক্রি করে কেউ সফল হতে পারে না; ধর্ম মানুষের অন্তরের বিষয়।

মন্ত্রী আরও বলেন, শৃঙ্খলা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। দেশের তেলের সংকটের প্রেক্ষিতে কোনো পেট্রলপাম্প ভাঙতে দেওয়া হবে না। মব তৈরি বা আইনবহির্ভূত কাজ কঠোরভাবে দমন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সরফরাজ বান্দা এবং নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান

নেহা নদীর ৫.৮ কিলোমিটার খননের জন্য খরচ ধরা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...