এমএনএ প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার জন্য কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়ক দখল করে কার্যক্রম পরিচালনা করছে, যা পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেস্তোরাঁর রান্নার সরঞ্জাম, গ্রিল, কাবাব মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি, ওয়েল্ডিং–সামগ্রী, পোশাক ও আসবাবের দোকানের প্রদর্শনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল ফুটপাত ও রাস্তার অংশে রাখা হচ্ছে। এছাড়া, অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ রাস্তার এক লেন দখল করে মেরামতের কাজ চালাচ্ছে।
এই অবৈধ দখলের ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সকল ব্যবসায়ীকে দ্রুত তাদের মালামাল ফুটপাত ও রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানায়, নির্দেশনা অমান্য করলে ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে কারাদণ্ড, অর্থদণ্ড এবং অবৈধ মালামাল জব্দ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
