Don't Miss
Home / জাতীয় / সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নির্ধারিত আসন ১৫০-এ উন্নীত করার সিদ্ধান্ত

সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নির্ধারিত আসন ১৫০-এ উন্নীত করার সিদ্ধান্ত

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগে যেখানে অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল, এখন সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের আবেদন জানান। পরে জাতীয় সংসদের স্পিকার সেই প্রস্তাব অনুমোদন করেন। ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।

শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে নতুন প্রজন্ম সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবে। এটি তাদের নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের আয়োজন করতেন, যাতে তারা দেশের সম্পদ, সম্ভাবনা ও ভৌগোলিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পারে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্ম—বিশেষ করে জেন-জি—কে রাষ্ট্রব্যবস্থা, রাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে জানার সুযোগ করে দিতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

এছাড়া, মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সংসদ সচিব এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হবে। এতে তারা সংসদের কার্যপ্রণালী, স্থাপত্যশৈলী, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...