Don't Miss
Home / প্রচ্ছদ / আন্দোলন শুরু হয়েছে, সফলতার দিকে এগিয়ে নিতে হবে: জামায়াত আমীর

আন্দোলন শুরু হয়েছে, সফলতার দিকে এগিয়ে নিতে হবে: জামায়াত আমীর

এমএনএ প্রতিবেদক

জামায়াতে ইসলামী আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং তা ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, একসময় গণভোটকে ‘হারাম’ বলা হলেও পরে সেটিকেই আংশিক গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা জনগণের অধিকারের প্রশ্নে আপস করেননি।

তিনি আরও বলেন, সংসদে যাওয়ার লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নেওয়া নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। অবৈধ কোনো সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এটি কেবল শিক্ষার্থী বা রাজনীতিবিদদের আন্দোলন নয়; বরং শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি একটি সামগ্রিক আন্দোলনে রূপ নিয়েছে। তার দাবি, নিহতদের একটি বড় অংশ শ্রমজীবী মানুষ, যারা বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনার বিরোধিতা করে সরকার টিকে থাকতে পারবে না। গণভোটের রায়ের মাধ্যমে সেই চেতনার বাস্তবায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ভবিষ্যতের আন্দোলনে বিরোধী দল সামনের সারিতে থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অব্যাহত থাকবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন কোনো ক্ষমতার ভাগাভাগির জন্য নয়; বরং জনগণের রায়ের প্রতি সম্মান এবং শহীদদের আত্মত্যাগের মূল্যায়নের জন্য। একইসঙ্গে তিনি পারিবারিক শাসনব্যবস্থার বিরোধিতা করে গণতান্ত্রিক চর্চা জোরদারের আহ্বান জানান।

রাজনীতির সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংসদে ব্যক্তিপূজার পরিবর্তে জনগণের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হওয়া উচিত।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সেমিনারে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এবং এলডিপি চেয়ারম্যান অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...