এমএনএ প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হলেও এ খাতের কর্মীরা এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। ফলে তারা নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করতে বাধ্য হন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন অবহেলিত ছিল। এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও গুরুত্বপূর্ণ পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক সংকটে পড়েন। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নে কাজ করছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের ধরে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

