Don't Miss
Home / অর্থনীতি / রাজধানীর ৭ ফিলিং স্টেশনে মোটর সাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

রাজধানীর ৭ ফিলিং স্টেশনে মোটর সাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

এমএনএ প্রতিবেদক

রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ফিলিং স্টেশনে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে, সেগুলো হলো—সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদগেট), ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও), গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী), মেঘনা মডেল পাম্প (শাহবাগ), নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ), খালেক সার্ভিস স্টেশন (দারুস সালাম, মিরপুর) এবং তালুকদার ফিলিং স্টেশন (আসাদগেট, মিরপুর রোড)।

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের জ্বালানি সংগ্রহের আগে ‘ফুয়েল পাস’ অ্যাপ ইনস্টল করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে দেশের সব জেলার মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই অ্যাপে নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে। ফলে ঢাকায় অবস্থানরত অন্য জেলার নিবন্ধিত মোটরসাইকেল চালকরাও অ্যাপের মাধ্যমে রাজধানীর নির্ধারিত স্টেশনগুলো থেকে জ্বালানি নিতে পারবেন।

বর্তমানে ঢাকার মোট ৪৩টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর সব ফিলিং স্টেশনে এ ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া, যেখানে ‘ফুয়েল পাস’ পাইলট কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেসব স্টেশনেও ধাপে ধাপে মোটরসাইকেলের জ্বালানি বিতরণে অ্যাপটি বাধ্যতামূলক করা হবে।

x

Check Also

সংসদে সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ৫৩ মনোনয়নপত্র জমা

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র ...