Don't Miss
Home / আজকের সংবাদ / জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সরকারের সিদ্ধান্ত বৃহস্পতিবার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সরকারের সিদ্ধান্ত বৃহস্পতিবার

এমএনএ প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাস ও ট্রাক ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বুধবার সচিবালয়ে পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করছি আগামীকাল এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।”

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। গত দেড় মাস ধরে দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে চাপা উত্তেজনা চলছিল। অবশেষে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। এতে— ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা; অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা; পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা; ্ও কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবি তোলেন। যদিও সরকারিভাবে এখনো নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, তবুও দেশের বিভিন্ন স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যাত্রী ও পরিবহন কর্মীদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

পরিবহন ভাড়া সমন্বয়ের বিষয়টি চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জ্বালানি খরচ, রুটভিত্তিক ব্যয়, যাত্রীস্বার্থ এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

সরকার বলছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা ও পরিবহন খাতের ভারসাম্য বজায় রাখতেই এই সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, দ্রুত সিদ্ধান্ত এলে বর্তমান অস্থিরতা কমবে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে।

x

Check Also

জুলাই থেকে সারাদেশে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ বিতরণ শুরু: মাহদী

শিক্ষাঙ্গন প্রতিবেদক আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...