Don't Miss
Home / প্রশাসন / ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে একযোগে নতুন নিয়োগ

১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে একযোগে নতুন নিয়োগ

এমএনএ প্রতিবেদক

সরকার একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। তাঁর চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন; তাঁর চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে এবং তাঁর চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হয়েছেন; তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত হয়েছে।

এদিকে, তিনটি প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন। অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

x

Check Also

সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস ...