Don't Miss
Home / আজকের সংবাদ / কানুনগো পদোন্নতি ও পদায়নে অনিয়মের অভিযোগ

কানুনগো পদোন্নতি ও পদায়নে অনিয়মের অভিযোগ

এমএনএ প্রতিবেদক

দীর্ঘদিন পর কানুনগো পদে পদোন্নতি প্রদান করা হলেও তা ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিভাগীয় মামলা এমনকি দুর্নীতি দমন কমিশনের চলমান মামলাকেও উপেক্ষা করে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় ও প্রচলিত রেওয়াজও মানা হয়নি। বরং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পদোন্নতি ও পছন্দমতো পদায়ন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, অতীতের প্রতিষ্ঠিত নিয়ম-নীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা এসব সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কার্যত উপেক্ষা করেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এতে একদিকে সচিবের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা চলমান রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রয়েছে। এরপরও তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে এক ব্যক্তির প্রাপ্য অর্থ অনিয়মের মাধ্যমে অন্যজনকে পাইয়ে দেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জে বদলি করা হয় এবং তদন্তে তাকে দোষীও সাব্যস্ত করা হয়। বিভাগীয় কমিশনার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবুও পরবর্তীতে তাকে কানুনগো পদে পদোন্নতি দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের এলএ শাখায় পদায়ন করা হয়েছে।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী, কানুনগো পদে পদোন্নতির পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্য বিভাগে পদায়ন করা হয়, যা ব্রিটিশ আমল থেকে অনুসৃত হয়ে আসছে। তবে এবারের পদায়নে একাধিক ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রেও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

উদাহরণ হিসেবে জানা গেছে, সার্ভেয়ার মো. আরিফুর রহমানকে পদোন্নতি দিয়ে ঢাকার এলএ শাখায় কানুনগো হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে, যিনি পদোন্নতির যোগ্য ছিলেন না বলে অভিযোগ, সেই মো. ইকবাল হোসেনকে পদোন্নতি দিয়ে নারায়ণগঞ্জের এলএ শাখায় পদায়ন করা হয়েছে। এছাড়া কাজী মো. ফায়েজুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার এলএ শাখায় এবং ডা. প্রণগোপালের পিএস মো. বশিরুল্লাহকে পদোন্নতি দিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর এসএ শাখায় কানুনগো হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভূমি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কয়েক কোটি টাকা ঘুষ নিয়ে এসব পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করেছেন। তবে অনেকেই এ প্রক্রিয়ার সুবিধাভোগী হওয়ায় অভিযোগ করেও ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এক কর্মকর্তা।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “আমরা সব কিছু যাচাই-বাছাই করেই পদোন্নতি দিয়েছি। কাজ করতে গেলে নানা ধরনের কথা ওঠে। তারপরও বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

x

Check Also

এসএসসি, সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমএনএ প্রতিবেদক সারা দেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে ...