Don't Miss
Home / জাতীয় / ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা। দলটির কর্মী সম্মেলনে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা আসে। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিষয়টি পুরোপুরি সময়নির্ভর। যদি সিটি নির্বাচন ডাকসুর বর্তমান মেয়াদকাল চলাকালে অনুষ্ঠিত হয়, তাহলে সাদিক কায়েমকে প্রার্থী করা হবে না, তবে ডাকসু মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন হলে তিনিই হবেন দলটির চূড়ান্ত প্রার্থী।

দলীয় নীতিনির্ধারণী পর্যায়ে এই শর্তেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন সাদিক কায়েম। তিনি খাগড়াছড়ি থেকে নিজের জাতীয় পরিচয়পত্র ঢাকায় স্থানান্তর করেছেন ও ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এছাড়া তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

যদিও এখনো প্রকাশ্যে বড় পরিসরের নির্বাচনি প্রচারণা শুরু হয়নি, তবে ভেতরে ভেতরে প্রস্তুতি এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী নিয়ে কাজ শুরু করেছে। বড় দলগুলোর পাশাপাশি ইসলামপন্থী রাজনৈতিক শক্তির সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমজমাট করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশেষ করে তরুণ নেতৃত্ব হিসেবে সাদিক কায়েমের নাম সামনে আসায় নগর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে—যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচন কমিশনের তফসিল ও সময়সূচির ওপর।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোন পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত।

অতএব, বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে, বলেন তিনি।

x

Check Also

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি: জ্বালানি তেল নিয়ে চাপে সরকার, বাড়ছে ভর্তুকির বোঝা

অর্থনৈতিক প্রতিবেদক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ...