Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / এপ্রিলে সহিংসতা, দমন-পীড়ন বৃদ্ধিতে উদ্বেগ, ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত ৬, আহত ৫৩৩

এপ্রিলে সহিংসতা, দমন-পীড়ন বৃদ্ধিতে উদ্বেগ, ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত ৬, আহত ৫৩৩

বিশেষ প্রতিনিধি

দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এপ্রিল মাসে আরও সংবেদনশীল ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, শ্রমিক নির্যাতন, সীমান্তে প্রাণহানি এবং নারী-শিশুর প্রতি সহিংসতার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে কমপক্ষে ৯৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ৫৩৩ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক বিরোধের জেরে এসব ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সংঘর্ষ ঘটেছে একটি প্রধান রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে, যেখানে ৪০টি ঘটনায় ২৪৭ জন আহত এবং ৪ জন নিহত হয়েছেন।

মাসজুড়ে ৪৪টি গণপিটুনির ঘটনায় ২২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আইনের শাসনের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে এইচআরএসএস।

ভারত-বাংলাদেশ সীমান্তে ৮টি ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটেছে, যা সীমান্তবর্তী বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

এতে বলা হয়েছে, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, জাতীয় সংসদকেন্দ্রিক বিতর্ক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নাগরিক অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকে কেন্দ্র করে গ্রেফতার, হয়রানি এবং আইনি পদক্ষেপ গ্রহণের ঘটনা নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টি করছে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হওয়া এবং দেশব্যাপী ভাঙচুর-অগ্নিসংযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্চ মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও সহিংসতার মাত্রা এখনও উদ্বেগজনক।

শান্তিপূর্ণ সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রে অন্তত ৭টি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৪৯ জন আহত এবং ২ জন আটক হয়েছেন। এতে সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধার ইঙ্গিত মিলছে।

এপ্রিল মাসে ৪০টি ঘটনায় অন্তত ৭৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন, লাঞ্ছিত হয়েছেন ১৭ জন এবং হুমকির সম্মুখীন হয়েছেন ১০ জন। কয়েকজন সাংবাদিককে আটক ও মামলার মুখোমুখিও হতে হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অন্তত ১৪টি ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে এবং ৯টি মামলা দায়ের হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনাকে কেন্দ্র করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

শ্রমিক অধিকার পরিস্থিতিও উদ্বেগজনক। ৮০টি ঘটনায় ১৩ জন নিহত, ১১৬ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণে ৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এপ্রিল মাসে ২৯৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮টি ধর্ষণের ঘটনা, ১৩টি গণধর্ষণ এবং ৭৯টি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। পারিবারিক সহিংসতায় ৬৪ জন নারী নিহত হয়েছেন।

একই সময়ে ১৯১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্তত ৮টি হামলার ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। কয়েকটি মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা ধর্মীয় সহনশীলতার জন্য উদ্বেগজনক।

দেশের বিভিন্ন স্থানে ৩৯টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কারা হেফাজতে অন্তত ৫ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

মাসজুড়ে বিভিন্ন ঘটনায় ২৩টি মামলা দায়ের এবং অন্তত ২৮২ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১,০৮৯ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

এইচআরএসএস তাদের প্রতিবেদনে বলেছে, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ জরুরি। গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম সরকারের প্রতি আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, পাশাপাশি নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

x

Check Also

মমতার ছায়া থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ-এর রাজনীতিতে শুভেন্দু অধিকারী বর্তমানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর অন্যতম প্রধান মুখ ...