Don't Miss
Home / হোম স্লাইডার / দেশে হামের ভয়াবহ বিস্তার: দুই মাসে মৃত্যু ৪৫১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

দেশে হামের ভয়াবহ বিস্তার: দুই মাসে মৃত্যু ৪৫১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

বিশেষ প্রতিবেদক

দেশে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে হাম। গত দুই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং সন্দেহভাজন হামজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩৭৭ জন।

শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

এদিকে, দেশে চলমান হামের পরিস্থিতি নিয়ে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে হামে আক্রান্ত প্রায় ৯৯ শতাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে নিউমোনিয়াসহ শ্বাসতন্ত্রজনিত জটিলতা দেখা দিলে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে রাজধানীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে এভারকেয়ার হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক বলেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। অতীতে সফল টিকাদান কর্মসূচির কারণে বাংলাদেশে হাম অনেকাংশে নিয়ন্ত্রণে এলেও গত দুই বছরে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় পুনরায় সংক্রমণ বাড়তে শুরু করেছে।

তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে ৫৪ হাজার ৪১৯ জন শিশুর মধ্যে হাম ও হাম সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৭০ জন শিশু নিশ্চিত হামে এবং ৩৬৯ জন হাম সদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে।

ডা. জিয়াউল হক বলেন, হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে শ্বাসতন্ত্র বিকল হয়ে যাওয়া। বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি বলেন, “হাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে ৯৯ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

হামের বিস্তার রোধে চিকিৎসকরা চারটি বিষয়ে জরুরি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেগুলো হলো—  অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় টিকাদান কর্মসূচি জোরদার করা; উপজেলা থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে ‘ফিভার কর্নার’ চালু করা; বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত চিকিৎসা নির্দেশিকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া ও দেশব্যাপী গণসচেতনতা বৃদ্ধি করা।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে অপুষ্টি ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণে নিউমোনিয়ার জটিলতা তুলনামূলক বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া শুধু ফুসফুসেই সীমাবদ্ধ থাকে না; এটি মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অঙ্গেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ডায়রিয়া, বমি, তীব্র পানিশূন্যতা ও অন্যান্য সংক্রমণ নিয়ে হাসপাতালে আসা শিশুদের অবস্থা দ্রুত জটিল হয়ে পড়ে।

তারা বলেন, নিউমোনিয়ার চিকিৎসায় দ্রুত অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং শরীরে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চিকিৎসা নিতে দেরি হওয়া এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে অনেক ক্ষেত্রেই রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার হার তুলনামূলকভাবে ৫ থেকে ৮ শতাংশ হলেও গুরুতর জটিলতা তৈরি হলে মৃত্যুহার ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, শিশুর শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী উচ্চ জ্বর বা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, “হামে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনতে দেরি হলে জটিলতা বাড়ে। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই আক্রান্ত শিশুকে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. আসিফ মুজতাবা মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর, পেডিয়াট্রিক পালমোনোলজিস্ট অধ্যাপক রুহুল আমিন, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া প্রমুখ।

x

Check Also

সরকারি হজযাত্রী বাড়াতে প্রণোদনা ঘোষণা, মিলবে অর্থ পুরস্কার, হজ টিমে স্থান

এমএনএ প্রতিবেদক সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়াতে নতুন কিছু প্রণোদনা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। ...