Don't Miss
Home / অর্থনীতি / ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

এমএনএ প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা জোগান দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান।

একনেক সভায় অনুমোদিত পাঁচ প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্টরা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রয়েছে ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো হলো—  ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়); করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প; ও পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্প।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় এর আগে পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও চারটি প্রকল্প সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে— বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের ৪র্থ পর্যায় প্রকল্প।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...