Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— কাদের আহমদ, জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস, প্রবাসী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম বলেন, “কাতারে সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার পাঁচজন প্রবাসীর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। পুরো কানাইঘাটবাসী এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”

তিনি আরও জানান, স্থানীয় প্রবাসী সংগঠন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্বজনরা শেষবারের মতো তাদের দেখতে পারেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা যায়।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এক শোকবার্তায় তিনি বলেন, “দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রতিমন্ত্রী জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এই সংকটময় সময়ে সরকার নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে।”

কাতারে কর্মরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে এ দুর্ঘটনা গভীর শোকের সৃষ্টি করেছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

x

Check Also

মালয়েশিয়ায় তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, প্রবাসীদের প্রত্যাশা শ্রমবাজার উন্মুক্তকরণ ও সিন্ডিকেটমুক্ত ব্যবস্থা

জাহিদ বিপ্লব, মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ায় পৌঁছেছেন। ...