Don't Miss
Home / অর্থনীতি / মালয়েশিয়ায় তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, প্রবাসীদের প্রত্যাশা শ্রমবাজার উন্মুক্তকরণ ও সিন্ডিকেটমুক্ত ব্যবস্থা

মালয়েশিয়ায় তারেক রহমানকে রাষ্ট্রীয় সংবর্ধনা, প্রবাসীদের প্রত্যাশা শ্রমবাজার উন্মুক্তকরণ ও সিন্ডিকেটমুক্ত ব্যবস্থা

জাহিদ বিপ্লব, মালয়েশিয়া থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর, যা বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। সেখানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আগমনের পর প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাইকমিশনার সাহানারা মোনিকা এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দর থেকে বিশেষ মোটরকেডে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রায় ৫০ মিনিটের পথজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সড়কসজ্জা করা হয়।

হোটেলে পৌঁছালে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানান। রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়া শাখার নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, প্রকৌশলী, শ্রমিক, ব্যবসায়ী এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ পাঁচ শতাধিক অতিথি অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহাদি আমিন এবং প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এরপর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। সফরকালে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা জোরদারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্বের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এদিকে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের প্রধান প্রত্যাশা হলো দেশটির শ্রমবাজার সম্পূর্ণভাবে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান সিন্ডিকেট ব্যবস্থা বিলোপ করা। তারা বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধেও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

মালয়েশিয়াভিত্তিক ব্যবসায়ী মো. মামুন বিন আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে শ্রমবাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসীরা আরও দাবি জানিয়েছেন, মালয়েশিয়ায় কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ তিন দিনের মধ্যে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রধানমন্ত্রীর এই সফর তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি শ্রমবাজার ও বিমান টিকিট খাতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের মানবিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানান।

দুই দিনের মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতেই প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরে রাতে প্রধানমন্ত্রীকে স্থানীয় প্রবাসীদের ব্যানারে স্থানীয় বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে বক্তব্য দেন।

x

Check Also

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এমপি মান্নানের ছেলে সজীবকে ডিবি হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে ও জেলা যুবদলের ...