এমএনএ প্রতিবেদক
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) সকালে জারি করা আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে অবস্থান না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমান সুস্পষ্ট লঘুচাপটি আরও কিছুটা শক্তিশালী হলেও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
