এমএনএ শিক্ষাঙ্গন ডেস্কঃ ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ) আগামী ১৮ ডিসেম্বর বিদ্যালয়টির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানের অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় মহা মিলনমেলায় এই বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি, কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়নের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ ‘৬৯) এবং জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর প্রধান কণ্ঠশিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ ‘৮৬)। এছাড়া ডিএক্সএসএ -এর অ্যাড-হক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের প্রথমেই ডিএক্সএসএ-এর সদস্য সাব্বির হোসেনের লেখা, সুর করা ও নিজ কন্ঠে গাওয়া একটি আবেগঘন গানের ভিডিও দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এই গানের মাধ্যমে স্কুলজীবনে ফিরে যাবার আকুলতা, স্কুলের বন্ধুদের প্রতি আবেগকে অত্যন্ত সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়।
আয়োজকরা জানান, ১৮ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়ন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলায় অবদান রাখা শিক্ষকদের সম্মান জানাতে প্রথমবারের মতো ‘হল অব ফেম’ প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া চিকিৎসা, প্রকৌশল, শিল্প-সংস্কৃতি, উদ্যোক্তা, সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিদ্যালয়ের কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে। প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মান জানাতেও থাকবে বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং আর্ক ব্যান্ডের হাসান বিশেষ লাইভ পারফরম্যান্স পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে ফেরদৌস ওয়াহিদ বলেন, “এই স্কুল আমার জীবনের ভিত্তি। ৬০ বছর পূর্তির এই আয়োজনে নিজের প্রিয় বিদ্যালয়ের জন্য গান গাইতে পারা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হবে।”
হাসান বলেন, “আর্ক-এর প্রতিটি সুরের পেছনে এই স্কুলের অনুপ্রেরণা রয়েছে। ১৮ ডিসেম্বর সেই ঋণের কিছুটা হলেও শোধ করার সুযোগ পাব।”
ডিএক্সএসএ -এর আহ্বায়ক এহতেশাম এইচ খান বলেন, “ডিএক্সএসএ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়ে ফেরার প্রতিশ্রুতি। ৬০ বছরের এই যাত্রাকে আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে চাই।”
সংগঠনের সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ বলেন, ”ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় একটি জীবন্ত উত্তরাধিকার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে এ আয়োজনকে স্মরণীয় করে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অলাভজনক সংগঠন ডিএক্সএসএ বর্তমানে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
