Don't Miss
Home / আজকের সংবাদ / জয়ের আড়াই হাজার কোটি টাকার তদন্ত চায় বিএনপি

জয়ের আড়াই হাজার কোটি টাকার তদন্ত চায় বিএনপি

এমএনএ রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেনের যে অভিযোগ উঠেছে সরকারের উচিত তার তদন্ত করা।

তিনি বলেন, এ তদন্ত রাষ্ট্রীয় স্বার্থে হওয়া উচিত। দেশের জনগণও ওই টাকার উৎস সম্পর্কে জানতে চায়।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাময়িকভাবে বরখাস্ত গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান মুক্তি পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আফজাল এইচ খান,শামীমুর রহমান শামীম প্রমুখ।

Nazrul-Islam-Khanনজরুল ইসলাম বলেন, আমাদের দেশের শেয়ারবাজার ও ব্যাংক লুট হয়ে গেছে। এ অবস্থায় একজন নাগরিকের বিদেশের কোনো একাউন্টে যদি আড়াই হাজার কোটি টাকার মতো বড় অ্যামাউন্টের সন্দেহজনক লেনদেন হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- সে ব্যাপারে তদন্ত করা।

জয় বাংলাদেশের নাগরিক। রাষ্ট্র আমাদের সকলের। তাই ব্যক্তি কে, সেটা দেখার বিষয় নয়। রাষ্ট্রের টাকা হলে সে টাকা অবশ্যই ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, আসলে সরকার কোনো অভিযোগই শুনতে রাজি নয়। বিশেষ করে কারো কারো বিরুদ্ধে অভিযোগ করাও পাপ। তবে পাপ কখনো চাপা থাকে না। বের হওয়া শুরু হয়েছে, বের হচ্ছেও। এটিই প্রকৃতির নিয়ম।

নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কিন্তু এই সরকার জানে, বিএনপির দাবি মানলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে জন্য স্থানীয় সরকার নির্বাচনেও তারা কারচুপির আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার জনগণের জন্য কোনো কাজ করবে না। তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরও করবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটিই স্বাভাবিক। দেশে এখন দুঃসময় চলছে। আমাদের মধ্যে এখন ঐক্য দরকার। দলটাকে শক্তিশালী করে আন্দোলনকে জোরদার করতে হবে। সেই লড়াইয়ে জিততে না পারলে শুধু মান্নান সাহেব না আমাদের সবাইকেই জেলে যেতে হবে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...