এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ডের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে লন্ডন থেকে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগদান শেষে বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল।
বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, জনগণের নেতা তারেক রহমান, সাজানো মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। এগুলো করে কেউ তার অগ্রযাত্রা রুখতে পারবে না।
তারেকের বিরুদ্ধে দেয়া রায় আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগ দিতে গত ১৬ জুলাই ঢাকা ত্যাগ করে বিএনপির প্রতিনিধিদল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
তবে লন্ডনে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কারণে ১৯ জুলাই অনুষ্ঠিত হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিতে পারেননি তিনি। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে দলের অবস্থান ব্যাখ্যা করেন বিএনপির নেতারা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

